পুরুষ পূর্বসূরিদের চেয়ে ৩-৪ ঘণ্টা বেশি কাজ করেন জাপানের প্রধানমন্ত্রী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ৫:০১ ৮ ভিউ
পুরুষ পূর্বসূরিদের চেয়ে ৩-৪ ঘণ্টা বেশি কাজ করেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, দৈনন্দিন রাষ্ট্রীয় ব্যস্ততার পাশাপাশি ঘরের কাজ সামলাতে তাকে পুরুষ পূর্বসূরিদের চেয়ে অন্তত তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় করতে হয়। বুধবার পার্লামেন্টে নিজের সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

নিজের প্রাত্যহিক রুটিন তুলে ধরে তাকাইচি বলেন, সকালে গোসল, নাশতা তৈরি এবং বাসন ধোয়ার মতো কাজগুলো তাকে নিজেকেই করতে হয়। এর পাশাপাশি সাজগোজের জন্যও আলাদা সময় প্রয়োজন হয়। এসব ব্যক্তিগত ও গৃহস্থালি কাজের কারণেই পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় তার কাজের ব্যাপ্তি বেড়ে যায়।

নিজেকে কাজপাগল হিসেবে পরিচয় দেওয়া এই প্রধানমন্ত্রী জানান, তিনি প্রতিদিন মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। অনেক সময় গভীর রাতে, এমনকি ভোর তিনটাতেও তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন। মধ্যরাতে নথিপত্র পড়ার অভ্যাস থাকলেও দেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবার মতো পর্যাপ্ত সময় পাওয়া কঠিন বলে তিনি উল্লেখ করেন।

জাপানে রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব এখনো বেশ কম। গত ফেব্রুয়ারির নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে মাত্র ৬৮টিতে নারী প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীকে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত ঘণ্টা পার্লামেন্টে কাটাতে হয়, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক বেশি।

জাপান ইনোভেশন পার্টির আইনপ্রণেতা ফুমিতাকে ফুজিতা জানান, ২০২২ সালে জাপানের প্রধানমন্ত্রী ৭২ দিন পার্লামেন্টে ব্যয় করেছেন, যেখানে যুক্তরাজ্যে এই সময় ছিল ৫০ দিন এবং জার্মানিতে মাত্র ১৩ দিন। ফুজিতা মনে করেন, একজন বিশ্ব নেতাকে এভাবে দীর্ঘ সময় পার্লামেন্টে আটকে রাখা ঠিক নয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

পুরুষ পূর্বসূরিদের চেয়ে ৩-৪ ঘণ্টা বেশি কাজ করেন জাপানের প্রধানমন্ত্রী
0:00 / 0:00
1x
🔒