রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি বাতিলের আহ্বান মার্কিন সিনেটরদের

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ১২:০০ ৮ ভিউ
রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি বাতিলের আহ্বান মার্কিন সিনেটরদের

রাশিয়ার সঙ্গে করা ডিজেল সরবরাহ চুক্তি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের একদল সিনেটর। মঙ্গলবার তাঁরা এ চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অর্থায়নে সহায়তা হবে, অথচ জ্বালানির ঊর্ধ্বমুখী দাম কমাতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে না। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ছয়জনসহ ১২ জন আইনপ্রণেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করা চুক্তি থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এ চুক্তির আওতায় রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের নেতৃত্বে লেখা এক চিঠিতে তারা বলেন, মস্কোকে বিশ্ববাজারে অবাধে রুশ ডিজেল বিক্রির সুযোগ দেওয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তাস্বার্থের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এটি ইউক্রেনের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যারা পুতিনের প্রাণঘাতী ও অবৈধ যুদ্ধের বিরুদ্ধে এখনো নিজেদের রক্ষা করে চলেছে।

যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা স্বীকার করেন সিনেটররা। তবে তাঁদের যুক্তি, রাশিয়ার ডিজেল সরবরাহে জ্বালানির দামে সামান্যই প্রভাব পড়বে। বরং এ চুক্তির ফলে রাশিয়ার সরকার অতিরিক্ত রাজস্ব পাবে, যা ইউক্রেনে চলমান হামলার অর্থায়নে কাজে লাগবে। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে বলে তারা উল্লেখ করেন। চিঠিতে স্বাক্ষরকারী রিপাবলিকানদের মধ্যে সাবেক সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলও রয়েছেন। কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন আরও কয়েকজন সিনেটর এতে স্বাক্ষর করেছেন। এতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের নিজ দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে তার মতবিরোধ সামনে এসেছে। জ্বালানির দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছেন বলে শুক্রবার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে আরও পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

এরপর মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ায় উৎপাদিত ডিজেল বিক্রি ও আমদানিসহ এ-সংক্রান্ত লেনদেনের অনুমতি দিয়ে সাময়িক লাইসেন্স জারি করে। সিনেটররা ট্রাম্পকে ওই লাইসেন্স বাতিল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গত মাসে কংগ্রেসের অনুমোদিত নতুন নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা ব্যবহার করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ করে চীনসহ যেসব দেশ রাশিয়ার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে, তাদের ওপর চাপ বাড়ানোর কথা বলেন তারা। চিঠিতে সিনেটররা লেখেন, পুতিন একজন স্বৈরাচার। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত রাখে—এমন একটি সমঝোতার উদ্যোগ নিতে তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানান। চুক্তিটির অর্থনৈতিক সুফল নিয়ে সিনেটরদের সংশয়ের সঙ্গে মঙ্গলবার একমত পোষণ করেন ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক প্রধান ভালদিস ডোমব্রোভস্কিস। তিনি এএফপি-কে বলেন, রাশিয়ার প্রস্তাবিত ডিজেল সরবরাহের সামষ্টিক অর্থনৈতিক দিক থেকে কোনো উল্লেখযোগ্য গুরুত্ব নেই। প্রতিশ্রুত পরিমাণ ডিজেল মস্কো সরবরাহ করতে পারবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। চুক্তিটি ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে ট্রাম্প বলেন, তাঁকে যেকোনো মূল্যে এসব হামলা বন্ধ করতে হবে। ব্লুমেনথাল অভিযোগ করেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের দুর্বেগ আরও বাড়ানোর চেষ্টা করার পাশাপাশি পুতিন কূটনৈতিক অচলাবস্থার সুযোগ নিচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আবারও পুতিন ট্রাম্পকে বোকা বানাচ্ছেন। ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ বাসস।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি বাতিলের আহ্বান মার্কিন সিনেটরদের
0:00 / 0:00
1x
🔒