সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৯:৩০ ৯ ভিউ
সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। আজ বুধবার জাতীয় সংসদ ভবনেছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

সবার ওপরে বাংলাদেশ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কোন কোন প্রকল্পে ধীর গতি আছে, সেটিও অনুসন্ধান করার সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে।

নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে বৈঠকে জানানো হয়। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়। তাই সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কমিটির সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সরকারের কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
0:00 / 0:00
1x
🔒