মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সপ্তাহে উজবেকিস্তান সফরে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সেখানে মধ্য এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন তিনি এবং এরপর ভারত সফরে যাবেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।
১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সফরের প্রথম পর্যায়ে তিনি উজবেকিস্তানের সমরকন্দে যাবেন এবং সি৫+১ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, এই ঐতিহাসিক সফরে রুবিও ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতাকে নিয়ে গঠিত একটি মার্কিন বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এরপর রুবিও ভারত সফরে যাবেন এবং চলতি বছর এটি হবে তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। ১৭ থেকে ২২ অক্টোবর তিনি ভারতের মুম্বাই ও জামনগর শহরে অবস্থান করবেন এবং দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো। বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বাড়াতে রুবিও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন নীতিতে পরিবর্তন এনে সাময়িকভাবে উচ্চ শুল্ক আরোপ করেছেন এবং ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন। এর আগে গত মে মাসে সর্বশেষ ভারত সফর করেন রুবিও, সে সময় চার দিনে দেশটির চারটি শহর সফর করেছিলেন তিনি।








