চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের ১০৯টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি রেমিট্যান্স যোদ্ধা গমন করেছেন সৌদি আরবে, যেখানে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশী। এ ছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭ জন, কাতারে ৪২ হাজার ৫১৬ জন, মালদ্বীপে ২৪ হাজার ৭০ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ জন কর্মী গেছেন।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বিভিন্ন খাতে ১০ হাজার কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে এবং ইতালি প্রতিবছর প্রায় ১২ হাজার বাংলাদেশী নাগরিককে পরিবারসহ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া কাতার ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং দুবাই ট্যাক্সি কোম্পানি ৬ হাজার চালক নিয়োগের কথা জানিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন করে কর্মী পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানো ও কলিং ভিসার আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।








