ঢাকায় অনুষ্ঠিত সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রতিনিধিরা। মঙ্গলবার ১৩ অক্টোবর আয়োজিত এই সভায় জলবায়ু সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি উল্লেখ করে টেকসই কৃষিচর্চার আহ্বান জানান। সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক অংশীদারত্ব বাড়ানোর অঙ্গীকার করেন।
হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় গতিশীল কৃষিব্যবস্থা ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এছাড়া বিএআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তঃসীমান্ত কৃষি সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।








