সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
গত সোমবার নিউইয়র্কের বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রবাসী সমর্থকরা তাঁর দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ‘গো ব্যাক’সহ নানা অপবাদসূচক কথা বলছেন।
নাহিদ ইসলাম এই ঘটনাকে ‘ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপচেষ্টা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ দেশের জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। তিনি জুলাই গণহত্যাসহ সকল অপকর্মের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান।
এদিকে, অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এর আগে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় যেমন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হবে।








