ফুসফুসের একটি ছোট টিস্যু-পিণ্ড বা নডিউল অপসারণের অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার বেলা বাড়ার দিকে হাসপাতালে যাবেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্ত্রোপচারে সাধারণত ঝুঁকি কম থাকে।
২০২৫ সালের ৮ মে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন পোপ। এর আগে রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাসের প্রার্থনা শেষে সমবেত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে এক আকস্মিক ঘোষণায় তিনি জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর ফুসফুসে নডিউলটি শনাক্ত করেছেন এবং এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
অ্যাপোস্টলিক প্রাসাদের জানালা থেকে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘চিকিৎসকেরা মনে করেন, অস্ত্রোপচার করা উচিত। তাই তাদের পরামর্শ মেনে আমি এটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছি।’ ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব দর্শন-অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় পোপ জেমেলি হাসপাতালের ওপরের তলার একটি বিশেষ কক্ষে থাকবেন। সেখানে তাঁর জন্য একটি ছোট প্রার্থনাকক্ষ, রান্নাঘর এবং চিকিৎসাকর্মীদের জন্য একটি বৈঠককক্ষ রয়েছে।








