আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
পূজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিজিবি একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হবে। এছাড়া গুজব ও সাম্প্রদায়িক উসকানি রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে তারা নিরাপত্তা সহায়তা দেবে। দুর্গম এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় অস্থায়ী ক্যাম্প স্থাপনের ব্যবস্থাও করা হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়টি সরকারের নির্দেশনা ও চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।








