সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিন শতাধিক যাত্রী আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা অথবা যথাযথ মর্যাদায় প্রবাসে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে হেফাজতের শীর্ষ নেতৃত্ব।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।








