দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশে হকির ঘরোয়া লীগ ধারাবাহিকভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের নেওয়া সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন এবং লীগ আয়োজনে ক্লাব ও স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান।
এবারের আসরে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়াং স্টারসহ মোট ১১টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে খেলার নির্দেশনা দিয়েছেন ফেডারেশন সভাপতি।








