আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো কর্মসূচি হাতে নিয়েছে দলটি। রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের রাজনৈতিক পর্ষদের সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সভা সঞ্চালনা করেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
দুর্গাপূজা চলাকালে সম্প্রীতি বজায় রাখতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি। জনসংশ্লিষ্ট এসব দাবিতে আগামী ৩০ অক্টোবর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজও জোরদার করা হবে। সভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








