সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) এই যুব সংগঠনটি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ ছাড়াও যুবশক্তির অন্য চার দাবি হলো—প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।
ঘেরাও কর্মসূচিতে যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, বিএনপি সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি থাকলেও সরকার ক্ষমতায় আসার পর সেগুলো সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। চাকরি ও কর্মসংস্থান পেতে তরুণদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল অভিযোগ করেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে। যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে পাওয়া তথ্য থেকে তাঁদের সন্দেহ হয়েছে যে, ভাগ-বাঁটোয়ারায় গন্ডগোল লাগার কারণেই অনিয়মের বিষয়টি ফাঁস হয়েছে।








