চন্ডালভোগ ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে খেলার মাঠ সচল রাখা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর তুরাগ থানা এলাকাধীন ১৫ নম্বর সেক্টর ডিপিএস স্কুল মাঠ সংলগ্ন স্থানে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজিত চন্ডালভোগ ফুটবল প্রিমিয়ার লীগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক, তুরাগ থানা বিএনপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. আমান উল্লাস আমান মেম্বার (আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর), মো. আলমাস আলী (যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি), মো. শহীদুল ইসলাম দুলাল (আহ্বায়ক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল) এবং মো. হারুন অর রশীদ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তুরাগ থানা ছাত্রদল)। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্ডালভোগ ফুটবল ক্লাব (সিএফসি)-এর চেয়ারম্যান আরিফুল ইসলাম অপু। এ সময় ঢাকা মহানগর বিএনপি, উত্তরা ও তুরাগ থানা অন্তর্ভুক্ত সব অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দূর-দূরান্ত থেকে অংশ নিতে আসা খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই; উভয় পক্ষই ভালো খেলেছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়রা ভবিষ্যতে আরও ভালো করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠে খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অন্যতম মাধ্যম, তাই মাঠ থাকলে সেখানে নিয়মিত খেলার পরিবেশও নিশ্চিত করতে হবে। স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আশ্বস্ত করে বলেন, এই মাঠে অবশ্যই নিয়মিত খেলাধুলা চলবে এবং খেলোয়াড়দের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, চন্ডালভোগ ফুটবল প্রিমিয়ার লীগের এই আসর স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সবশেষে রাতে ফুটবলপ্রেমীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গান শোনানো হয় এবং গরম খিচুড়ি পরিবেশন করা হয়।








