অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হলেও নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইট। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইটটি অনিবার্য অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে সময়সূচি অনুযায়ী পরিচালনায় বিলম্বিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের তাৎক্ষণিক নির্দেশনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, প্রকৌশলী, গ্রাউন্ড অপারেশনস কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
এতে ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে পৌঁছেছেন বলে জানানো হয়েছে।
বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।








