এশীয় উন্নয়ন ব্যাংক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং স্বাক্ষর করেন। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব আফরোজা সুলতানা।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রত্যন্ত এলাকায় জ্বালানি সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় এই অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা সম্ভব হবে।
এডিবির এই ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলে জ্বালানি উন্নয়ন কার্যক্রম জোরদার হবে। পাশাপাশি এটি স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে।








