আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল ২০২৬ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার লক্ষ্য অনুযায়ী সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সরকারই ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মুক্তি নিশ্চিত করতে ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আসন্ন নির্বাচনে দলের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হওয়ার পাশাপাশি তাদের বিজয়ী করতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
অটোরিকশাচালকদের ওপর নির্যাতন বন্ধ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খলভাবে যানবাহন চালানোর সুযোগ করে দেওয়ার দাবি জানান রেজাউল করীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দেশে চাঁদাবাজি বন্ধ ও দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
জাতীয় কাউন্সিল থেকে আগামী ২০২৭-২৮ বর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে।








