ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন, এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে এই বক্তব্য জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এক অনুষ্ঠানে প্রশাসক দাবি করেন, অটোরিকশা আন্দোলনের পক্ষে কথা বলা ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধানে ৭০০ অটোরিকশার মালিকানার তথ্য পাওয়া গেছে। তবে তার এই বক্তব্যকে সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে প্রমাণ উপস্থাপন করা জরুরি। প্রমাণ দিতে ব্যর্থ হলে প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে ৫ অক্টোবর মিয়া গোলাম পরওয়ার এক সভায় অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, অটোরিকশা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যুক্তি ও তথ্যনির্ভর পদক্ষেপ প্রয়োজন, কারো বিরুদ্ধে প্রমাণহীন ভিত্তিহীন অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণ নয়।








