নানা নাটকীয়তার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি পদে তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ মহাদেশীয় সংস্থার নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নেওয়ায় ফিফা সভাপতি নির্বাচনের সমীকরণ এখন পুরোপুরি ইনফান্তিনোর অনুকূলে চলে এসেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে সম্প্রতি ইউরোপ, এশিয়া ও আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েন ফিফা প্রধান। আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে তখন আলোচনা শুরু হয়েছিল। তবে দুই প্রভাবশালী ফুটবল কর্মকর্তার সাম্প্রতিক ঘোষণায় পুরো পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সিদ্ধান্ত পরিবর্তন করে উয়েফার সভাপতি পদে চতুর্থ মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন এবং পরোক্ষভাবে স্পষ্ট করেছেন যে তিনি ফিফা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। সেফেরিন জানিয়েছেন, ফুটবল বিক্রির জন্য নয়—এই বার্তা বহন করে ঐক্য ও সুশাসন ফিরিয়ে আনাই তাদের মূল কাজ।
সেফেরিনের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানিও ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও নিজ সংস্থার সভাপতি পদে শেষ মেয়াদের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনা এখন আরও অনেক বেশি জোরালো হয়েছে।








