কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
দেশের কৃষি খাতের অন্যতম বড় উদ্যোগ 'পার্টনার' প্রকল্পের নতুন প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) হয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ। এছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন প্রকল্পের দায়িত্ব পেয়েছেন মো. আবুল বাসার মিয়া। অন্যদিকে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের নতুন পরিচালক হয়েছেন মো. মাসুদুর রহমান।
উল্লেখ্য যে, প্রায় ৭ হাজার কোটি টাকার পার্টনার প্রকল্পে বিশ্বব্যাংক ও ইফাদের সহায়তা রয়েছে। এছাড়া মসলা উন্নয়ন প্রকল্পের ব্যয় প্রথম সংশোধনের পর প্রায় ১৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, বিসিসিটির অর্থায়নে পরিচালিত দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্বেও পরিবর্তন এনে মো. আবুল বাসার মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।








