রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে তাঁদের মুক্তি দেওয়া হয়।
কারামুক্ত হতে না পারা বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে জটিলতা থাকায় মুক্তি প্রক্রিয়া আটকে যায়। এছাড়া অপর দুই নেতার জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশ গুলিস্তানের কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করে। এর মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়। জাসদের দাবি, ডিএমপির অনুমতি নিয়েই ওই সভার আয়োজন করা হয়েছিল এবং বিএনপি কর্মীদের হামলার পরই পুলিশ সেখানে অভিযান চালায়।








