রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পাশাপাশি তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী রূপালী ব্যাংকের মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংক, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংক এবং কৃষি ব্যাংকের আবু সাঈদ মো: রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের মো: আব্দুল মতিনকে একই ব্যাংক, কৃষি ব্যাংকের আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং রূপালী ব্যাংকের মো: ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন রূপালী ব্যাংকের শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের শাহীনুর সুলতানা এবং বেসিক ব্যাংকের মো: হাসান ইমাম। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো: জামান মোল্লা ও মো: সাফায়াত হোসেন পাটোয়ারীকেও একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।বাসস








