বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১০:০০ ২০ ভিউ
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবরছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে এবং সেখানে কীভাবে জমি বেচাকেনা হয়, জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির বৈঠকে এমন প্রশ্ন তুলেছেন সদস্যরা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজউকের কাছে বিষয়গুলো জানতে চাওয়া হয়। বৈঠক সূত্র জানায়, বসুন্ধরা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে জমি বেচাকেনার জন্য কমিশন নেওয়া এবং ডিশ লাইন সংযোগের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কমিটির সদস্য খোন্দকার আবু আশফাক প্রথম আলোকে বলেন, বসুন্ধরা এলাকায় আলাদা রাজত্ব ও প্রশাসন গড়ে তোলা হয়েছে। সেখানে হোল্ডিং কর নেওয়া থেকে শুরু করে কাঠাপ্রতি টাকা নেওয়া এবং ড্রেন নির্মাণের মতো কাজও তাদের অনুমতি ছাড়া হয় না বলে তিনি কমিটিতে অভিযোগ করেছেন। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, এলাকাটি কাগজে-কলমে সিটি করপোরেশনের আওতাধীন হলেও এখনো সেখানে সিটি করপোরেশনের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাজউকের সার্বিক কার্যক্রম, চলমান আবাসন প্রকল্প এবং আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ২০০১-০৬ সালে পূর্বাচলে রাজউকের বরাদ্দ দেওয়া প্লট বাতিল এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। রাজউক জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকায় নতুন করে কোনো প্লট বরাদ্দ দেওয়া হবে না, তবে রাজউকের জায়গায় অ্যাপার্টমেন্ট করে ফ্ল্যাট দেওয়া যেতে পারে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি অতীতে প্লট বরাদ্দে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খতিয়ে দেখার কথা বলা হয়েছে। নতুন ভূমিনির্ভর প্রকল্পের পরিবর্তে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে আবাসন সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিতেও বলেছে কমিটি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন
0:00 / 0:00
1x
🔒